বাংলা ফটো নিউজ : অবশেষে মৃত্যুর কাছে হেরে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক হাসিনা বেগম (২৬)।টানা ১৬ ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় সাভারে ঢাকা-আরিচা মহসড়কের উলাইল এলাকায় রাস্তা পার হতে গিয়ে পায়ের উপর দিয়ে ট্রাক উঠিয়ে দিলে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
হাসিনা সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার খালেকের বাড়িতে ভাড়া থেকে গেণ্ডা মহল্লায় অবস্থিত ডাইনামিক সোয়েটার লিমিটেড কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, শনিবার রাতে হাসিনা নামে এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসেন। এ সময় তার বাম পায়ের হাঁটু থেকে নিচের অংশ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে অস্ত্রোপচার করে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply