বাংলা ফটো নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপহার দেয়া সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা পরিবারের ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।আজ রবিবার (০৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিক থেকে ‘‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান ‘প্রতিবাদী’ কেন্দ্রীয় কমিটি’ এর ব্যানারে মহাসড়কটি অবরোধ করা হয়।
এতে ব্যস্ততম এ মহাসড়কের দু’পাশে আটকা পড়েছে সহস্রাধিক দূরপাল্লার গাড়ি। সাভার থেকে বিশমাইল পর্যন্ত প্রায় ১০কিমি. সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধকালে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শাখার আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের সম্মান স্বরূপ তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকুরিতে ৩০ শতাংশ আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করে দেন। দীর্ঘদিন তা অকার্যকর থাকার পর শেখ হাসিনা আবার তা চালু করেন। কিন্তু স্বাধীনতাবিরোধীদের চক্রে পড়ে তিনি আবাবও সেই সুযোগ বন্ধের ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর উপহার দেয়া ৩০ শতাংশ কোটা পুর্নবহাল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহারের জন্য আন্দোলনকারীদের সাথে দফায় দফায় আলোচনা করছে বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসন।
Leave a Reply