বাংলা ফটো নিউজ : সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। পৃথক স্থান থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
জানা গেছে,মঙ্গলবার সকালে আশুলিয়ার নয়ারহাটে ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে সাভারের সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহা-সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত হয়েছে অপর এক যুবক। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
সাভার মডেল থানার এসআই অখিল জানান, আমিনবাজার থেকে দুই যোবক মোটরসাইকেল যোগে সাভারে আসার সময় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় জুয়েল হোসেন নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত অপর যুবককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পৃথক স্থান থেকে নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এঘটনায় সাভার-আশুলিয়ায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্ট থানা পুলিশ।
Leave a Reply