বাংলা ফটো নিউজ : সাভারের কর্ণপাড়া এলাকায় ‘রহস্যজনকভাবে’ আগুনে পুড়ে শরীরের ৯২ শতাংশ ঝলসে যাওয়া হাসিনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসিনা বেগম মানিকগঞ্জ জেলার আব্দুল জলিলের মেয়ে। তার স্বামী নুরুল হক আড়াই বছর ধরে প্যারালাইজড বলে জানা গেছে।
জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় স্বামীর বাড়িতে রহস্যজনক ভাবে দগ্ধ হন হাসিনা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
নিহত গৃহবধুর স্বামী নুরুল ইসলাম বলেন, বাড়ির দ্বিতীয়তলায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হাসিনা। এসময় আমি নিচতলায় ছিলাম। পরে বাড়ির ভাড়াটিয়াসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জেরেই গায়ে আগুন দিয়েছে হাসিনা।
হাসিনার মা রাফেজা খাতুন বলেন, অনেক আগে থেকেই আমার মেয়েকে নির্যাতন করা হতো। এর আগেও নুরুল ইসলামের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা হয়। ওই মামলায় সে এক মাস জেলে ছিলো।
চিকিৎসক মো. রেজাউল হক বলেন, রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের ৯২ শতাংশ পুড়ে গিয়েছিলো। লাইফ সাপোর্টে রাখার পরও ২৪ ঘণ্টা পার না হতেই তিনি মারা যান।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, আত্মহত্যার প্ররোচনায় হাসিনা বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও নিহতের স্বামী নুরুল ইসলামকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply