বাংলা ফটো নিউজ : ধামরাই উপজেলায় ছেলের হাতে বৃদ্ধ মা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাউখন্ড পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা। এই ঘটনার পরপরই অভিযুক্ত ওই ছেলেকে আটক করেছে পুলিশ।নিহত ওই বৃদ্ধ মায়ের নাম ওজুফা খাতুন (৬৫)। তিনি বাউখন্ড পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত চাঁন মিয়ার স্ত্রী। অভিযুক্ত তাঁর ছেলের নাম রমজান আলী (৩২)।নিহতের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ছেলে রমজান আলী মানসিকভাবে ভারসাম্যহীন। সে এর আগেও কয়েকবার তার মায়ের ওপর হামলা করেছে। রোববার সন্ধ্যায় আবারো মা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় ছেলে রমজান তার মায়ের বুকের ওপর উঠে সিমেন্টের তৈরি কংক্রিট দিয়ে মাথায় কয়েকবার আঘাত করলে মা ওজিফা খাতুন চিৎকার করতে থাকেন।পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক কলহে ছেলে রমজান তার মা ওফিজা খাতুনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
ওসি আরো বলেন, রমজান মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply