বাংলা ফটো নিউজ : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে ঈদ শপিং। চলছে আতর, টুপি ও সুরমার বিকিকিনিও। এই মুহূর্তে সাভার এলাকার বিভিন্ন মার্কেটগুলোতে আতর, টুপি ও সুরমার বিকিকিনি ‘মোটামুটি’ জমলেও রমজানের শেষ দুদিন তা আরো বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা।
আজ রোববার (২ জুন) সরেজমিনে সাভার জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের আতর-টুপি-সুরমার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।
বিভিন্ন বিক্রেতোরা বলছেন, দেশি-বিদেশি আতর ও টুপি বিক্রি করেন তারা। তবে বিদেশি টুপির চেয়ে বেশি বিক্রি হয় দেশি টুপিই। আতরের ক্ষেত্রে সেটা অবশ্য ভিন্ন। বিদেশি আতর বেশি বিক্রি হয়। এর মধ্যে ভারত, পাকিস্তান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব উল্লেখযোগ্য।
সাভার জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের আতর বিক্রেতা মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন, বেচা বিক্রি মোটামুটি ভালো। ইন্ডিয়ান, দুবাই ও সৌদি আরবের আতর বেশি চলে। ৩০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দামের আতর বিক্রি করি। যেমন বেস্ট, এক্সপোর্ট, ডার্ক, অ্যাসেল, ডি’আভ, অ্যাপল, আইসবার, যানাশিন, অরেঞ্জ, রোজ মাস্ক, ম্যাগনেট, হোয়াইট মাস্ক, নাজিম উল্লেখযোগ্য।
বাংলা ফটো নিউজের সঙ্গে আলাপকালে সাভার জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের মোহাম্মদীয়া টুপি ঘরের স্বত্তাধিকারী আঃ হালিম বলেন, দেশি টুপির পাশাপাশি বিদেশি (ইন্ডিয়ান ও পাকিস্তানি) টুপি বিক্রি করি।তার দোকানে সর্বোচ্চ ১০০০ টাকা দামের টুপি বিক্রি হয় বলে জানান তিনি।
একই মার্কেটের অপর ব্যবসায়ী মাজিদুল ইসলাম বলেন, নামাজের আগে পরে ব্যবসা একটু ভালো হয়। জোহর, আসর ও মাগরিবের নামাজের আগে পরে। আর দেশীয় টুপিই বেশি বিক্রি হয়।হাতে তৈরি করা বগুড়ার টুপি বেশি দৃষ্টিনন্দন। আর প্রতিটি টুপি তাঁরা বিক্রি করেন ১২০০ টাকায়।
Leave a Reply