বাংলা ফটো নিউজ : সাভারে দুই গ্রুপের সংঘর্ষে মারা গেলেন এক যুবক। নাম মাহফুজুর রহমান মাফু (৩৮)। সে কথিত সাভার পৌর যুবদল কর্মী। ঘটনাটি ঘটে আজ রোববার রাত ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার অন্ধ মার্কেটে। পরে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৭টার দিকে সাভার বাসষ্ট্যান্ডের অন্ধ কল্যান সংস্থা মার্কেটে মাহফুজুর রহমান মাফুর সাথে তার প্রতিপক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মাফুকে মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তবে নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহৃ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, নিহত মাহফুজের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। ইতিপূর্বে সে একাধিকবার গ্রেফতার হয়ে দীর্ঘ দিন কারাভোগ করেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সে পৌর এলাকার শাহীবাগে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply