বাংলা ফটো নিউজ : সদ্য সম্পন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে রবিবার বিএনপির ডাকা দিনব্যাপী হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় নিজেদের মধ্যে আন্তঃকোন্দলের জেরে সংগঠনের সভাপতিকে ছাড়াই পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‘বিএনপির ডাকা অবৈধ হরতাল ছাত্রলীগ কখনোই মানবে না’ জানিয়ে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মইনুল হোসাইন বলেন, ‘জাবি ছাত্রলীগের আগামী দিনের যেকোন কর্মসূচি এই ফোরামেই হবে।’
শাখা সভাপতি জুয়েল রানা এই মিছিলের বিষয়ে অবগত আছেন কিনা?- এমন প্রশ্নের জবাবে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন জানান, ‘সাধারণ সম্পাদক গত ছয় মাস যাবত ক্যাম্পাসে নেই। সভাপতির সঙ্গে গত একমাস যাবত যোগাযোগ বন্ধ, তাকে পাওয়া যাচ্ছে না। ছাত্রলীগ কোনো ব্যক্তির সংগঠন না। সভাপতি-সম্পাদকের নির্দেশনার অভাবে সম্মিলিত সিদ্ধান্তে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
এ বিষয়ে শাখা সভাপতি জানান, ‘মিছিলের বিষয়ে কেন্দ্রের নিষেধাজ্ঞা ছিল। তাই আমি জানা সত্ত্বেও উপস্থিত ছিলাম না। কেন্দ্র এবং আমি মিছিলের বিষয়ে অবগত আছি।’
একমাস যাবত ক্যাম্পাসে অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এটি মিথ্যা। নিজেদের স্বার্থে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করেই তারা বিক্ষোভ করেছে। আর কেন্দ্র নির্দেশিত সকল কর্মসূচিতেই আমি ছিলাম।’
এদিকে সভাপতির ওপর অনাস্থা পোষণ করে ছাত্রলীগের এই অংশ গত তিন দিন আগেও ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন করেছে। এর আগেও তারা সভাপতিকে বাইরে রেখে অনেক কর্মসূচি পালন করেছেন।
Leave a Reply