বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম রানা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসার মাওলানা বিভাগের কাফিয়া শাখার ছাত্র। শনিবার সকালে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের উক্ত মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।
রাশেদুল ইসলাম গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান জোর করে রাশেদুল ইসলামকে নারকেল গাছে উঠিয়ে দেন নারকেল পাড়ার জন্য। গাছে উঠার পর সে গাছ থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই রাশেদুল মারা যায় । মৃত্যুর বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ পাননি। গাছ থেকে পড়ে যাওয়ার পর প্রতিষ্ঠানের শিক্ষকরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) সাইদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজ এলাকায় নিয়ে গেছে।
Leave a Reply