বাংলা ফটো নিউজ : ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ৫ লাখ টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ধামরাই পৌরশহরের ডুলিভিটা মায়ের দোয়া হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এক সালিশে বিষয়টির সমঝোতা হয়।
সূত্র জানায়, গাঙ্গুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল কাদের মোল্লা মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ইউপি রেস্ট হাউজসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন। বিয়ের জন্য চাপ দিলে ওই ইউপি চেয়ারম্যান বিয়ে না করে নানা টালবাহানা করতে থাকেন।
ধর্ষণের শিকার ওই নারী বলেন-আমাকে থানায় মামলা করতে না দিয়ে এ হোটেলে নিয়ে এসে এক প্রহসনের সালিশের আয়োজন করেন ওই চেয়ারম্যান কাদের মোল্লার দোসররা। এ সালিশ আমি মানি না।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের মোল্লা বলেন-সে শত্রুতা করে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে। মানসম্মানের দিকে তাকিয়ে সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছি।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, এ ঘটনায় ওই নারী থানায় লিখিত অভিযোগ করলে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply