বাংলা ফটো নিউজ : রাজবাড়ীর কালুখালিতে রেল ব্রিজের ওপর টিকটিক ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে আলহাজ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর রেল ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলহাজ হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আলহাজ হোসেন বন্ধুদের সঙ্গে সকালে টিকা নিতে গিয়েছিলোপাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। টিকা নিয়ে সেখান থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কালিকাপুর ব্রিজে ঘুরতে যায়।
পরে সে ব্রিজের ওপর উঠে মোবাইল দিয়ে টিকটিক ভিডিও করার জন্য শুটিং শুরু করে। এ সময় রাজবাড়ীগামী একটি ট্রেন এলে সে তা লক্ষ্য করেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ ব্রিজ থেকে নিচে নামিয়ে এনে পুলিশকে খবর দেয়।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ওসি মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply