আবু সায়েম মস্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, ছাগল, হাঁস-মুরগি, আসবাবসহ প্রায় আট লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও গ্রামের মৃত কালু পাটোয়ারীর ছেলে হযরত আলী পাটোয়ারীর বসতঘর থেকে বুধবার রাত ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তিনটি টিনশেডের ঘরে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ সময় তাঁর ছোট ভাই হান্নান পাটোয়ারীর বসতঘরেও আগুন ধরে প্রায় ৪০ শতাংশ পুড়ে যায়।
খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিনটি ঘর সব পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ হযরত আলী পাটোয়ারী জানিয়েছেন।
Leave a Reply