বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ‘ডিজিএফআই’-এর ভুয়া পরিচয় দানকারী দুই প্রতারককে আটক করেছে র্যাব-৪। সোমবার (৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম।
এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর দশতলা এলাকা থেকে তাদের আটক করে র্যাব। পরে সোমবার সকালে র্যাবের কর্মকর্তা মো: বজলুর রশিদ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আটকরা হলেন – পটুয়াখালীর বাউফল উপজেলার ঝিলনা গ্রামের মৃত আব্দুস সালাম শিকদারের ছেলে জামাল শিকদার (৪২) এবং ময়মনসিংহের ভালুকা থানাধীন পালগাও গ্রামের সামসুল হকের ছেলে ফজলুল হক (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর দশাতলা রোড এলাকায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পরিচয় প্রদান করে প্রতারণার চেষ্টা করলে বিষয়টি স্থানীদের কাছে সন্দেহ হয়। পরে মোবাইল ফোনে বিষয়টি র্যাবকে অবহিত করা হলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছে গোয়েন্দা সংস্থার আইডি কার্ড দেখাতে বললে তারা ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রতারক প্রমাণিত হওয়ায় তাদের আটক করে তাদের কাছে থাকা একটি ওয়াকিটকি জব্দ করা হয়। পরে সকালে র্যাবের পক্ষ থেকে মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, সকালে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তবে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply