বাংলা ফটো নিউজ : সাভারে এক অটোরিকসা চালকের হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। সকালে হত্যাকারীকে গ্রেপ্তারের পর হত্যাকান্ডের রহস্য উৎঘাটনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
ডিবি পুলিশ জানায়, সাভারের হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকায় কাদের মিয়ার বাড়ির ভাড়াটিয়া লাজু মিয়া ওরফে রাসেল (২৮) স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেতেন। পরে গত বছরের ৩০ মার্চ সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় অটোরিকসা চালক লাজু মিয়া ওরফে রাসেলকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে দিয়ে হত্যা করে অটোরিকসাটি ছিনতাই করেন মোগড়াকান্দা এলাকার আজগর আলীর ছেলে ওসমান গণি। পরে হত্যাকান্ডের পরেরদিন সকালে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছিলো।
এঘটনায় নিহত অটোরিকসা চালকের পরিবারের সদস্যরা অজ্ঞাতনামা আসামীদের নামে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি মামলাটি ছায়া তদন্ত শুরু করেন। এর পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে মোগড়াকান্দা এলাকার একটি বাড়ি থেকে পালিয়ে থাকা অটোরিকসা চালকের হত্যাকারী ওসমান গণিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এসময় হত্যাকান্ডের শিকার ওই ব্যক্তির অটোরিকসাটি উদ্ধারের পাশাপাশি চুরি হওয়া অটোরিকসা কেনার অভিযোগে আমিনবাজার এলাকা থেকে মোক্তার হোসেন (৪৬)ও আব্দুল সোবাহান (৪৬) নামের দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে সকালে গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির নামে ডিবি পুলিশ সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের আদালতে প্রেরণ করেন। দীর্ঘদিন পরে হলেও ওই অটোরিকসা চালকের হত্যাকারীকে গ্রেপ্তার ও রহস্য উৎঘাটন করায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, হত্যাকারী ওসমান গণিসহ চুরি হওয়া অটোরিকসা কেনার অভিযোগে মোক্তার হোসেন ও আব্দুল সোবাহান নামের দুই ব্যক্তিকেও আটক করে ডিবি পুলিশ। পরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply