বাংলা ফটো নিউজ : মাত্র ১০ মাস আগে অ্যাঞ্জেলা ম্যাথুজকে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু এশিয়া কাপে বাজেভাবে বাংলাদেশ ও আফগানিস্তানের সাথে হারার পর তার প্রতি আর আস্থা রাখতে পারলো না লঙ্কান ম্যানেজমেন্ট। ম্যাথুজের কাছ থেকে পুনরায় সেই দায়িত্ব কেড়ে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার জায়গায় ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন দিনেশ চান্ডিমাল।
দুই ম্যাচের একটিতেও করতে পারেনি দুইশ রান। বিপক্ষ দলের সাথে গড়তে পারেনি ন্যূনতম প্রতিরোধ।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অবশ্য তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। শুধু জানিয়েছে, ‘রোববার নির্বাচকরা দিনেশ চান্ডিমালকে ওয়ানডে অধিনায়ক হিসেবে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য বেছে নিয়েছে। একই সঙ্গে ম্যাথুজকে ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়েছে।’ টেস্ট দলের নেতৃত্বে আগে থেকেই রয়েছেন চান্ডিমাল। এবার নতুন করে ম্যাথুজকে সরিয়ে নেওয়ায় তার দায়িত্ব পালন করবেন চান্ডিমালই।
ম্যাথুজ ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত বছর হোম সিরিজে জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পর সমালোচনার মুখে দায়িত্ব ছেড়ে দেন। তার পদত্যাগের পরও লঙ্কানদের সাফল্যের চিত্র খুব বেশি পরিবর্তন হয়নি। হাথুরুসিংহে কোচ হিসেবে দায়িত্ব নিলে তার পছন্দেই ম্যাথুজকে আবারো অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।
বর্তমানে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করা চান্দিমাল এর আগে সাতটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে পাঁচটিতেই জিতেছিল তার দল।
অন্যদিকে ম্যাথুজ তার অধিনায়কত্ব ক্যারিয়ারে ১০৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লঙ্কানদের। জিতেছেন ৫১টি, হেরেছেন ৪৯টি, টাই হয়েছে ১টি ও ফল আসেনি বাকি ৫টি ম্যাচে।
Leave a Reply