বাংলা ফটো নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকা এবং মাওবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে অধ্যাপক ও কবি ভারাভারা রাওকে আটক করেছে পুলিশ।
এছাড়া মুম্বাই, দিল্লি, ফরিদাবাদ, রাঁচী ও গোয়ায় ব্যাপক অভিযান চালিয়ে পুনে পুলিশ আরো চার সমাজকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে ট্রেড ইউনিয়ন নেত্রী আইনজীবী সুধা ভরদ্বাজকে আটক করা হয়েছে হরিয়ানার ফরিদাবাদ থেকে।
জানা গেছে, অরুণ ফেরেরা ও ভার্নন গঞ্জালভেসকে মুম্বাই এবং গৌতম নওলাখাকে দিল্লি থেকে আটক করা হয়েছে। রাঁচীতে সমাজকর্মী স্ট্যান স্বামীর বাড়িতে হানা দিয়ে প্রচুর কাগজপত্র, ল্যাপটপ, হার্ডড্রাইভ ও সিডি জব্দ করেছে পুলিশ। নজিরবিহীন এই ঘটনার নিন্দায় মুখর হয়েছেন অরুন্ধতী রায়, রামচন্দ্র গুহসহ অসংখ্য বিশিষ্ট জন।
গত ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিত বিজয়দিবস অনুষ্ঠানে বড় ধরনের ঝামেলা হয়। পুলিশের দাবি, সেই ঝামেলায় জড়িত ছিলেন ভারাভারারা।
তদন্তে নেমে মাওবাদীদের একটি চিঠি পাওয়ার দাবি করে পুলিশ জানায়, তাতে প্রধানমন্ত্রীকে হত্যার ছকের উল্লেখ ছিল। চিঠিতে ভারাভারার নাম রয়েছে।
আজ ভোরে ৭৮ বছর বয়সী ভারাভারার হায়দরাবাদের বাড়িতে হাজির হয় পুলিশ। দীর্ঘ সময় ধরে তল্লাশি করার পর আটক করা হয় ওই অধ্যাপককে। জব্দ করা হয় তার ল্যাপটপ, কম্পিউটার ও প্রচুর কাগজ।
তল্লাশি চালানো হয় তার মেয়ে, ঘনিষ্ঠ দুই সাংবাদিক এবং এক অধ্যাপকের বাড়িতে। গ্রেফতারের পরে সেকেন্দরাবাদে গান্ধী হাসপাতালে নিয়ে গিয়ে ভারাভারার শারীরিক অবস্থা পরীক্ষা করানো হয়। তার পর তাকে পুনে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে হায়দরাবাদ নামপল্লি আদালতে তোলে পুলিশ।
Leave a Reply