বাংলা ফটো নিউজ : সরকারের লোভ আর ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও দাবি করেন তিনি।
শনিবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগকে সরাতে না পারলে দেশের জনগণ স্বস্তি পাবে না।
তিনি বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে জনগণকে স্বস্তি দিতে। নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ হয়েছে। কাল (রোববার) থেকে রোজা, কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের লোভের কারণে নিত্যপণের দাম আকাশচুম্বী। এজন্য আওয়ামী লীগকে সরাতে হবে।
ফখরুল আরও বলেন, গণঅনশন করে এই সরকারকে পরাজিত করতে হবে। এই সরকারকে জানাতে হবে, তাদের উপর জনগণের আস্থা নেই, তাদের ক্ষমতা থেকে সরে যেতে হবে। পদ ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে ভোটের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বেলা ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা প্রেসক্লাবের সামনে ফুটপাতে চেয়ার পেতে বসেছেন এবং কর্মীদের বসার জন্য রাস্তায় কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে।
সকাল সাড়ে ৮টা থেকে ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন। অনশনে নেতাকর্মীরা দ্রব্যমূল্য কমানো এবং বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
প্রতীকী অনশন কর্মসূচিকে কেন্দ্র করে মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশপাশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
Leave a Reply