বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে একটি কারখানায় ‘রাসায়নিক বিষক্রিয়ায়’ দুই জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।
বুধবার (২ মে) বিকেলে হেমায়েতপুরের ঝাউচর এলাকার প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দু’জন হলেন মাহবুব (৫০) ও হাসান (২৫)। আর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোয়াজ্জেম (২৫)।
ওই কারখানার এক কর্মী বলেন, রাসায়নিক বিষক্রিয়ায় হাসান ঘটনাস্থলেই মারা যান। অসুস্থ অবস্থায় মাহবুব ও মোয়াজ্জেমকে ঢামেকে আনা হয়। পরে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মাহবুবকে মৃত ঘোষণা করেন।
তবে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী জানান, ওই তিন জন কারখানার ভেতরে লবণ ও কেমিক্যাল মেশানোর কাজ করার সময় হঠাৎ বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তখন অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসানের মৃত্যু হয়। বাকি দু’জনকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবও মারা যান।
মোয়াজ্জেম এখন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন বলেও জানান গোলাম নবী।
Leave a Reply