বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলে বাবাকে পিটিয়ে মারাত্মক হাঁড় ভাঙ্গা যখম করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিন কেরোয়া ইউনিয়নের মোল্লার হাট এলাকার আসকর বরকন্দাজ বাড়ীতে।
স্থানীয় সূত্রে জানাযায়, দক্ষিন কেরোয়া ইউনিয়নের আসকর বরকন্দাজ বাড়ীর মৃত ছৈয়দ আহম্মদের পুত্র তাজল ইসলাম (৬০) তারই বড় ছেলে মোঃ আব্দুল কাহার সেলিম (৩২) নেশার টাকার দেওয়ার জন্য বৃদ্ধ পিতাকে চাপ সৃষ্টি করে। পিতা টাকা দিতে অস্বীকার করায় গলা চেপে ধরে ফেলে দিয়ে কাঠ দিয়ে পিটিয়ে হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে। এ সময় আহতের স্ত্রী ও মেয়েরা এগিয়ে এলে তাদেরকে ও পিটিয়ে আহত করে বখাটে আব্দুল কাহার সেলিম। তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার জানান, আহত বৃদ্ধার হাত ও শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা তাজল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, আমার বড় ছেলে আব্দুল কাহার সেলিম নেশা করে প্রায় সময় বাড়ীতে ফিরে। দেরীতে ঘরে আসার কারণ জানতে চাইলে তার স্ত্রী, মা এবং ভাই বোনদেরকে এলোপাতাড়ী মারধর করে। সব সময় তা নিরবে সহ্য করছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আরো বেশী করে আক্রমণ করতে থাকে। তার ভয়ে স্কুল ছাত্রী ছোট মেয়ে, মেঝো ছেলের স্ত্রী পালিয়ে বেড়ায়। নেশাগ্রস্থ হয়ে জোর পূর্বক তাদের রুমে প্রবেশ করতে চায়। তাদেরকে অনেক সময় অস্ত্রের ভয় দেখায়। এ বিষয়ে আমরা অসহায় অবস্থায় রয়েছি। বুধবার সকালে হঠাৎ করে ঘরে এসে আমার কাছে টাকা চায়। আমি দিতে অস্বীকার করায় আমার গলা চেপে ধরে পেলে দিয়ে কাঠ দিয়ে এলো পাতাড়ী পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি প্রশাসনের কাছে বখাটে মাদকাসক্ত ছেলেকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি।
খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক এস.আই মুজাম্মেল হক হাসপাতালে বৃদ্ধকে দেখতে যান। যোগাযোগ করা হলে রায়পুর থানার (ওসি) তদন্ত মোঃ সোলাইমান হোসেন বলেন, ঘটনাটি দুঃখ জনক। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply