বাংলা ফটো নিউজ : সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার (৪ জুলাই) দুপুরে হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষানবীশ চিকিৎসকরা বলেন, দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবীশ চিকিৎসকদের মাসিক ভাতা হিসেবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভাতা দেওয়া হয় প্রথম ছয়মাস আট হাজার টাকা এবং পরের ছয়মাস নয় হাজার টাকা। এ টাকা থেকেই চিকিৎসক হোস্টেলে থাকা-খাওয়া বাবদ বাধ্যতামূলকভাবে তিন হাজার পাঁচ’শ টাকা কেটে রাখা হয়।
এছাড়াও কেউ হোস্টেলে থাকলে অথবা না থাকলেও ভাতা পায় ৪৫০০ টাকা। তাও আবার এ টাকা দুই থেকে তিনমাস পরপর দেওয়া হয়। অথচ প্রতিদিন ১২ ঘণ্টা টানা ডিউটি করতে হয় শিক্ষানবীশ চিকিৎসকদের।
তারা আরো বলেন, দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে। স্মারকলিপির মাধ্যমে গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়কের কাছে পেশ করেছে। কিন্তু বারবার আশ্বাস দিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত থাকবেন তারা।
এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, এমনিতেই আমরা অন্য মেডিকেল কলেজের তুলনায় অনেক কম সেশন ফি নিয়ে থাকি। সেখানে এতো টাকা ভাতা দেওয়ার সক্ষমতা আমাদের নেই বলেও জানান তিনি।
Leave a Reply