বাংলা ফটো নিউজ : সাভারে গলায় ফাঁস দিয়ে জয়ন্ত চন্দ্র দাস (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (০৬ জুলাই) সকালে পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া করা নিজ ঘরের জানালার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। জয়ন্ত চন্দ্র দাস সিলেট জেলার আজমিরি থানার পাহাড়পুর এলাকার জগবন্ধু চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, জয়ন্ত চন্দ্র দাস তার স্ত্রী পিয়াংকা রানীকে নিয়ে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার মিসেস হাসিনা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। আজ সকালে স্ত্রী পিয়াংকাকে পাশের বাড়িতে তার এক মামার মোবাইল নম্বর আনতে পাঠায় জয়ন্ত। মোবাইল নম্বর নিয়ে ফিরে এসে স্ত্রী পিয়াংকা রানী ঘরের জানালার সাথে দিনমজুর জয়ন্ত চন্দ্র দাসের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী পিয়াংকা রানী বলেন, তার স্বামী দিনমজুরের কাজ করতেন। সংসারের খরচ বহন করতে পারছিলেন না। অভাবের তাড়নায় তিনি প্রায়ই জীবন নিয়ে হতাশা প্রকাশ করতেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ শেখ জানান, আত্মহননের সঠিক কারণ জানা যায়নি। তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি। ।
Leave a Reply