বাংলা ফটো নিউজ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অর্ধশতাধিক নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার থেকে শুরু করে সোমবার বিকাল পর্যন্ত ঢাকার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এবং পাশের নির্বাচন পরিচালনা অফিস হতে কুমিল্লার এসব প্রার্থী ও তাদের সমর্থকরা মনোনয়নপত্র ক্রয় করেন।
দলীয় মনোনয়নে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার ১১ আসন থেকে আওয়ামী লীগের ৫৫ জন নেতার ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রির সাথে জড়িত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শেষ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কুমিল্লা-৬ (সদর-মহানগর) আসন থেকে ৯ জন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে ১০ জন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে ৬ জন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ৪ জন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে ৬ জন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে ৬জন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ২ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে ৩জন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে ৫জন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই-সদর দক্ষিণ) আসন থেকে ১জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে ৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৯ নভেম্বর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে মনোনয়ন ফরম বিক্রির জন্য খোলা হয়েছে আট বিভাগের আটটি বুথ। সেখানে চট্টগ্রাম বিভাগের বুথের সামনে প্রথম দিন থেকেই কুমিল্লার বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে ভিড় জমান। আবার অনেক নেতা নিজে উপস্থিত না থেকে তাদের কর্মী সমর্থকের মাধ্যমে ফরম সংগ্রহ করেন।
শেষ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা-১ আসন থেকে বর্তমান এমপি মেজর সুবিদ আলী ভূইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার, প্রফেসর আব্দুল মান্নান জয়, ব্যারিষ্টার নাঈম হাসান, সফিকুল আলমসহ ১০ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
কুমিল্লা-২ আসন থেকে হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা আহমেদ মেরী, আওয়াী লীগ নেতা এনামুল হক ইমন, পারভেজ হোসেন সরকার, সারোয়ার হোসেন বাবু, শওকত হোসেন। কুমিল্লা-৩ আসন থেকে বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, রুহুল আমিন সরকার, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। কুমিল্লা-৪ আসন থেকে বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, অধ্যক্ষ হুমায়ূন মাহমুদ, রৌশন আলী মাষ্টার ও আবুল কালাম আজাদ।
কুমিল্লা-৫ আসন থেকে বর্তমান এমপি আব্দুল মতিন খসরু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আব্দুস সালাম বেগ, মোহাম্মদ আলী চৌধুরী ও ইঞ্জিনিয়ার আল আমিন হোসেন।
কুমিল্লা-৬ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক, এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম মঞ্জু, কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা জামান, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান, আওয়ামী লীগের আইনজীবী পরিষদের সদস্য এ কে এম ফয়েজ।
কুমিল্লা-৭ আসন থেকে বর্তমান এমপি অধ্যাপক আলী আশ্রাফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত। কুমিল্লা-৮ আসন থেকে সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল, এনামুল হক মিয়াজী, অ্যাড. কামরুল ইসলাম।
কুমিল্লা-৯ আসন থেকে বর্তমান এমপি মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লায়ন মো. নুরুন্নবি ভূইয়া কামাল, দেলোয়ার হোসেন ফারুক, শিব্বির আহমেদ ও সাবেক ছাত্রনেতা মো. শাহ আলম। কুমিল্লা-১০ আসন থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন ও বজলুর রশীদ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
Leave a Reply