বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ছোট ভাইয়ের জন্মদিন উদযাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে বড় ভাই মেহেদি হাসানের (২১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই জাহিদ হাসান হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক।
মেহেদী ও চিকিৎসাধীন জাহিদ হাসান সহোদর। তারা আশুলিয়া থানার আউকপাড়া এলাকার আহমদ আলীর ছেলে।
জানা গেছে, বুধবার (২৯ জানুয়ারি) মেহেদির ছোট ভাই জাহিদের জন্মদিন ছিল। সেদিন রাতে জন্মদিনের পার্টি উদযাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে তারা দুই ভাই অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের চিকিৎসার জন্য দ্রুত সাভার থানা রোডের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদির মৃত্যু হয়।
সাভার এনাম মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক বলেন, মেহেদি ও জাহিদ গত ২৯ তারিখ হাসপাতালে ভর্তি হয়। প্রথমিকভাবে তাদের স্বজনের কাছে জানতে পারি তারা দু’জনই মদ্যপান করেছেন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের পেটে মদের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত মদ্যপানের কারণে এলকোহল বিষক্রিয়ায় মেহেদির মৃত্যু হয়েছে। এছাড়াও জাহিদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply