বাংলা ফটো নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে ২০ দলীয় জোটের শরিকরা।
রোববার (১ এপ্রিল) দুপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও বাংলাদেশ লেবার পার্টির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।
এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে রাজধানীর তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগরে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএমএল মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, এলডিপি তমিজউদ্দিন টিটু, বেলাল হোসেন মিয়াজী, উপাধক্ষ্য মাহবুবুর রহমান, লেবার পার্টির হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, বাংলাদেশ ন্যাপ মো. শহীদুননবী ডাবলু, মো. কামাল ভুইয়া প্রমুখ।
এ সময় এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এর কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য বুকের উপর চেপে বসে থাকা দানব সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখে স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে। বন্দুক, অস্ত্রের জোরে তারা জনগণকে জিম্মি করে রেখেছে। এভাবে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না।
Leave a Reply