বাংলা ফটো নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলী’র সদস্য নির্বাচিত হওয়ায় সাবেক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ কামরুল ইসলাম (এমপি)কে গণ-সংবর্ধনা প্রদান করা হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (৬ মার্চ) বিকালে সাভার উপজেলা পরিষদের মাঠে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।
সাহানা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং এড. কামরুল ইসলামের জীবনের উপর এক সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র উপস্থাপিত হয়। পরে এড. কামরুল ইসলাম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সাভার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। পরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সভাপতি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত করায় আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সাভার উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ এবং সাভারবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আমরা সবাই জানি, সারা বাংলাদেশে আমাদের প্রিয় অভিভাবক এডভোকেট কামরুল ইসলাম একজন কর্মীবান্ধব জননেতা। আপনারা নেতাকর্মীরা যারাই তাঁর সংস্পর্শে গেছেন, যেকোনো ধরণের সহযোগিতা করতে তিনি কখনোই পিছপা হন নাই। এজন্য আমি আবারও সাভার উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা সকলে এডভোকেট কামরুল ইসলাম এর সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আজ আমাকে যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন তার জন্য প্রথমেই আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আমরা যারা রাজনীতি করি আমি একেবারে নিচের থেকে উঠে এসেছি। আমি ছাত্রলীগ করেছি, আমি ঢাকা নগর ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। সেখান থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য, দপ্তর সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সেন্ট্রাল কমিটির মেম্বার এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত করেছেন। এর আগে দুইবার মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছিলেন। আসলে সাধারণ কর্মীদের ভালোবাসা আমি অর্জন করেছি। আমি সবসময়েই চিন্তা করেছি যে, এই সাধারণ কর্মীরাই আমাকে নেতা বানিয়েছেন। এই কর্মীদের বদৌলতেই আজকের অবস্থানে আমি আসতে পেরেছি। বিরোধী দলে থাকাকালীন রাজপথে কর্মীরা যে নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছে, তার ফলশ্রুতিতেই আজ আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই কথাটা সবসময়েই যেন আমরা চিন্তা করি এবং সেভাবেই যেন সাধারণ কর্মীদের মূল্যায়ন করি।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়লাভ করার জন্য প্রয়োজন একটি শক্তিশালী সংগঠনের। এটা ছাড়া এবং ইস্যুবিহীন রাজনীতি করে কখনোই রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি আজকে এধরণের রাজনীতি করছে।
তারা আজকে দ্রব্যমূল্য নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে। বিশ্ববাজার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক। এরপরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। টিসিবি’র পণ্য আরও অনেক ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। তারপরও বিএনপি এই ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই সিন্ডিকেট করেনা এবং সিন্ডিকেটকে প্রশ্রয়ও দেয় না। অতীতে বিএনপি’র প্রতিটি সরকার প্রত্যেক ক্ষেত্রেই সিন্ডিকেট করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ সাভার উপজেলাধীন বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধাগণ।
Leave a Reply