বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বিসিএস’র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব”(জেইউসিসি)।
আগামী ২৮ মার্চ (সোমবার) বিকাল ৩টা হতে ‘বিসিএস আড্ডা-সিজন ৬’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজনের আহ্বায়ক জাহিদ হাসান লিখিত বক্তব্যে বলেন, আগামী সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে বিসিএস আড্ডা বসবে। আড্ডা সবার জন্য উন্মুক্ত থাকবে। ফলে যে কেউ চাইলে এতে অংশগ্রহণ করতে পারবে। আড্ডায় বিসিএস’র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখবেন বিভিন্ন অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির।
জাহিদ হাসান বলেন, প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শামীম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম, আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা প্রমুখ। এছাড়াও উপস্থিত থাকবেন জাবি ক্যারিয়ার ক্লাবের সকল উপদেষ্টামন্ডলী।
তিনি আরও বলেন, বিসিএস আড্ডা উপলক্ষে আগামী ২৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য লজেন্স’র আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরধারী প্রথম ৩ জনকে মেধাবৃত্তি ও নগদ পুরস্কার দেওয়া হবে। কুইজ প্রতিযোগিতায় শুধুমাত্র ‘লজেন্স’ অ্যাপস থেকে অংশগ্রহণ করা যাবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার উন্নয়ন সংক্রান্ত প্রথম ও অন্যতম সংগঠন হলো “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব”। সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে তার সদস্যদের ও শিক্ষার্থীদের কর্মজীবন উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Leave a Reply